Logo Logo

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ


Splash Image

গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি শিল্পকারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।


বিজ্ঞাপন


শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিভিন্ন কারখানার শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। পরে সকাল ১০টার দিকে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ জানায়, শনিবার সকালে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশের কয়েকটি শিল্পকারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে ও বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় শ্রমিকরা একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করেন। এতে পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশে যান চলাচল বন্ধ হয়ে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রায় দেড় ঘণ্টা ধরে চলা আন্দোলন নিয়ন্ত্রণে আনতে পুলিশ একপর্যায়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে চলে যান। পরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শনিবার সকালে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় ৬-৭টি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা সেখান থেকে সরে যান। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে শিল্প পুলিশ ও জেলা পুলিশের পাশাপাশি বিজিবি এবং আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...