বিজ্ঞাপন
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর কাঁকড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এই মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকালে বৃত্তি পরীক্ষার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোহাম্মদ হোসেন কোম্পানী ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুর রহিম বিশ্বাস এবং চাটখিল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লাভলী ইয়াসমিন। এবারের পরীক্ষায় মোহাম্মদপুর ইউনিয়নের ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের বাছাইকৃত মোট ৮০ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল থেকেই কোমলমতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
পরীক্ষা চলাকালে কেন্দ্রের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ ও কার্যক্রম তদারকি করেন ফাউন্ডেশনের উপদেষ্টা সিরাজুল ইসলাম হাসান, হামিদুল হক, বেল্লাহ হোসেন মোল্লা, মো. আবদুল মান্নান এবং কেন্দ্রের হল সুপার মোহাম্মদ কামরুল হোসেন। এ সময় স্থানীয় শিক্ষানুরাগী, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে আয়োজকদের এই উদ্যোগকে স্বাগত জানান।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ‘শিক্ষা ও নৈতিকতায় সমৃদ্ধ, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণ’—এই মহৎ স্লোগানকে সামনে রেখে ফাউন্ডেশনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি উচ্চশিক্ষার প্রতি অনুপ্রাণিত করতেই এই বৃত্তি পরীক্ষার আয়োজন। পরীক্ষা শেষে অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে উত্তরপত্র মূল্যায়ন করা হবে এবং মেধার ভিত্তিতে নির্বাচিত সেরা শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বৃত্তির অর্থ, সনদ ও সম্মাননা তুলে দেওয়া হবে।
কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবক ও স্থানীয় সচেতন মহল ফাউন্ডেশনের এই শিক্ষাবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁদের মতে, গ্রামীণ পর্যায়ে এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা শিক্ষার্থীদের ভয় দূর করে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। বিশেষ করে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে এই বৃত্তি বড় ভূমিকা রাখবে। আগামীতেও শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং মেধাবীদের পাশে থাকতে এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...