বিজ্ঞাপন
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বরকতকে জনসমর্থনের ভিত্তিতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন তিনি। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে শুক্তাগড় মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেন সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।
শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজওয়ান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক সোহেল, রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হক নান্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবু রতন দেবনাথ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজাপুর উপজেলা যুবদলের সদস্যসচিব সৈয়দ নাজমুল হক ও ২ নম্বর শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বরকত। এ সময় ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, শুক্তাগড় ইউনিয়নের বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা দেখলে বোঝা যায়, বিগত সরকারের শাসনামলে এ ইউনিয়নের মানুষ কতটা দুর্ভোগের শিকার হয়েছেন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তিনি এ ইউনিয়নে ২২টি উন্নয়ন প্রকল্প বরাদ্দ দিয়েছেন, যেগুলোর কাজ বর্তমানে চলমান রয়েছে। আগামী দিনেও এ ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
চেয়ারম্যান প্রার্থী ঘোষণার বিষয়ে তিনি বলেন, “আপনাদের (জনসাধারণের) সমর্থনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বরকতের নাম চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করলাম। আপনারা তাঁকে বিজয়ী করে আমার কাছে নিয়ে আসবেন।”
সভায় স্থানীয় উন্নয়ন, রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য। এ সময় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...