Logo Logo

২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় লাখো মানুষের ঢল


Splash Image

দীর্ঘ ২২ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মহানগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে আয়োজিত খুলনা মহানগর ও জেলা বিএনপির বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন তিনি। তার এই আগমনকে কেন্দ্র করে গোটা খুলনাজুড়ে উৎসবের আমেজ ও ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।


বিজ্ঞাপন


খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানিয়েছেন, আজ বেলা ১১টায় হেলিকপ্টারযোগে খুলনায় পৌঁছাবেন বিএনপি চেয়ারম্যান। এরপর দুপুর ১২টায় খালিশপুর প্রভাতী স্কুল মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। কর্মসূচি শেষে দুপুর ১টায় পুনরায় হেলিকপ্টারে করে তিনি যশোরের উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

জনসভায় সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা। বৃহত্তর খুলনার ১৪ জন সংসদ সদস্য প্রার্থীসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা সেখানে নির্বাচনী দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

তারেক রহমানের আগমনী বার্তায় সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হতে শুরু করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। দূর-দূরান্তের জেলাগুলো থেকে আসা অনেক সমর্থক আগের রাতেই খুলনায় এসে পৌঁছেছেন।

কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী রকিবুল ইসলাম বকুল জানান, খুলনার পাশাপাশি সাতক্ষীরা ও বাগেরহাটের নেতাকর্মীরাও এই সমাবেশে অংশ নিচ্ছেন। তিনি আরও বলেন, “অবিরাম কর্মসূচির কারণে চেয়ারম্যান কিছুটা অসুস্থ থাকা সত্ত্বেও খুলনার মানুষের প্রতি ভালোবাসা থেকে তিনি এই সফরে আসছেন। আমরা রেকর্ডসংখ্যক উপস্থিতির মাধ্যমে তাকে স্বাগত জানাতে প্রস্তুত।”

অন্যদিকে, খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এই জনসভাকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যতের মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।

বিএনপি চেয়ারম্যানের সফরকে কেন্দ্র করে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান জানান, সমাবেশস্থলের ভেতর ও বাইরে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, র‍্যাব এবং সেনা ও নৌবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। শহরের প্রবেশপথগুলোতে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট। তবে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখা হয়েছে এবং সমাবেশস্থল এড়িয়ে বিকল্প পথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...