Logo Logo

হ্যান্ডশেক হবে তো? ভারত ম্যাচের আগে রহস্য রেখে পাকিস্তান অধিনায়কের উত্তর


Splash Image

ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই বাড়তি উত্তেজনা, আবেগ আর রাজনৈতিক প্রেক্ষাপটের ছায়া। জম্মু-কাশ্মিরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর দুই দেশের সম্পর্কের টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে, যার প্রভাব পড়েছে ক্রিকেটের মাঠেও। গত বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপে দুই দলের লড়াই ঘিরে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, খেলোয়াড়দের পারস্পরিক আচরণ নিয়েও আলোচনা ছিল তুঙ্গে।


বিজ্ঞাপন


ভারত-পাকিস্তান মুখোমুখি হলেই একটি প্রশ্ন ঘুরেফিরে আসে— ম্যাচের আগে কি হাত মেলাবেন দুই দলের ক্রিকেটাররা? আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচের আগেও সেই একই প্রশ্নের মুখোমুখি হতে হলো পাকিস্তান অধিনায়ক সালমান আগাকে। তবে সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ না বলে কৌশলী অবস্থান নিয়েছেন তিনি।

গত বছরের এশিয়া কাপে ভারত ও পাকিস্তান তিনবার মুখোমুখি হলেও একবারও হাত মেলাননি দুই অধিনায়ক সূর্যকুমার যাদব ও সালমান আগা। রাজনৈতিক বিরোধের জেরে একই ধারা বজায় ছিল এশিয়া কাপ রাইজিং স্টার্স ম্যাচেও। এমনকি মেয়েদের বিশ্বকাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দুই দেশের অধিনায়কদের মধ্যে হ্যান্ডশেক দেখা যায়নি— যা ক্রিকেটপ্রেমীদের মধ্যে বিস্তর আলোচনার জন্ম দেয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক সাংবাদিক সরাসরি জানতে চান, ভারত যদি হ্যান্ডশেক করতে প্রস্তুত থাকে, তাহলে কি সাড়া দেবেন পাকিস্তান অধিনায়ক? জবাবে সালমান আগা রহস্য বজায় রেখে বলেন, ‘আমরা কাল জানতে পারব।’ তার এই সংক্ষিপ্ত উত্তর নতুন করে কৌতূহল তৈরি করেছে ক্রিকেট অঙ্গনে।

তবে খেলাটির ঐতিহ্য ও চেতনার প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন তিনি। সালমানের ভাষায়, ‘আমি আশা করব, শুরু থেকে যে চেতনা নিয়ে সবসময় খেলা হয়েছে, সেই একই চেতনা নিয়ে এবারও খেলা হবে।’ তার এই মন্তব্য স্পোর্টসম্যানশিপ ও ক্রিকেটের সৌন্দর্য রক্ষার বার্তা হিসেবেই দেখা হচ্ছে।

ক্রিকেটবিশ্ব এখন তাকিয়ে আছে ম্যাচের দিনটির দিকে। মাঠের লড়াই যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ম্যাচ-পূর্ব মুহূর্তে খেলোয়াড়দের আচরণও হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রে। হাত মেলানো হবে, নাকি বরফ গলবে না— সেই উত্তর মিলবে শিগগিরই।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...