Logo Logo

রাষ্ট্রীয় মর্যাদায় শেখ কবিরের দাফন সম্পন্ন


Splash Image

বিশিষ্ট শিক্ষানুরাগী ও বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।


বিজ্ঞাপন


এর আগে বেলা সাড়ে ১১টায় একটি অ্যাম্বুলেন্স যোগে তাঁর মরদেহ টুঙ্গিপাড়ার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে দীর্ঘদিনের স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়। বাদ জোহর তাঁর প্রতিষ্ঠিত টুঙ্গিপাড়া খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ মাঠে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

এরপর সেখানে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন টুঙ্গিপাড়া-কোটালীপাড়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী, জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান, শেখ কবিরের ভাই শেখ নাদির হোসেন লিপুসহ পরিবারের সদস্য, পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শেখ কবির হোসেন ১৯৪২ সালের ৩ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা খান সাহেব শেখ মোশাররফ হোসেন এবং মাতা রাহেলা খাতুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। কর্মজীবনে তিনি পরিসংখ্যান ব্যুরো, পর্যটন করপোরেশন ও সোনালী ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে তিনি সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন।

শিক্ষা, স্বাস্থ্য ও বীমা খাতের প্রসারে শেখ কবির হোসেনের অবদান অনস্বীকার্য। তিনি টানা ১৩ বছর বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট ছিলেন এবং ২০২৪ সালের অক্টোবরে পদত্যাগ করেন। এ ছাড়া তিনি সোনার বাংলা ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যানসহ অসংখ্য প্রতিষ্ঠানের শীর্ষ পদে আসীন ছিলেন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মতো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা অগ্রগণ্য।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...