Logo Logo

গোপালগঞ্জে পারিবারিক বিরোধে জামাতার ছুরিকাঘাতে শ্বশুর আশঙ্কাজনক


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে এক ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করার খবর পাওয়া গেছে। এতে আমিনুল শিকদার (৪২) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। অভিযুক্ত হামলাকারী তারই মেয়ের জামাতা বলে জানা গেছে।


বিজ্ঞাপন


ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে গোপীনাথপুর পেট্রোল পাম্পের সামনে। আহত আমিনুল শিকদার জালালাবাদ থানার বড় পাচুরিয়া গ্রামের মৃত সালাম শিকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, আমিনুল শিকদারের মেয়ের জামাতা সাগর মোল্লা (২২) তার সহযোগী আরজ আলী মোল্লাকে সাথে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালায়। সাগর মোল্লা দক্ষিণ ফুকরা গ্রামের হেমায়েত মোল্লার ছেলে। ঘটনার সময় তারা আমিনুল শিকদারের পথরোধ করে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই ধারালো ছুরি দিয়ে তার বুকে সজোরে আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় স্থানীয়রা আমিনুল শিকদারকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) রেফার করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পারিবারিক নানা বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। সেই রেষ ধরেই জামাতা সাগর মোল্লা তার সহযোগীকে নিয়ে শ্বশুরকে হত্যার উদ্দেশ্যে এই পরিকল্পিত হামলা চালিয়েছে। প্রকাশ্য স্থানে এমন বর্বরোচিত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্ত সাগর মোল্লা ও তার সহযোগীকে গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বর্তমানে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোপীনাথপুর পেট্রোল পাম্প ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...