Logo Logo

তিন মাসে দৃশ্যমান পরিবর্তনের ঘোষণা : গোপালগঞ্জ মেডিকেল কলেজ পরিদর্শনে এমপি বাবর


Splash Image

গোপালগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. কে এম বাবর ঘোষণা দিয়েছেন, আগামী তিন মাসের মধ্যেই গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দৃশ্যমান ও কার্যকর পরিবর্তন আনা হবে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

পরিবর্তন প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি জানান, হাসপাতালে গাইনি ও সার্জারি বিভাগে ২৪ ঘণ্টা অপারেশন ব্যবস্থা চালু করা হবে। এছাড়া দীর্ঘদিনের জনবল সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

এমপি ডা. বাবর চিকিৎসকদের উদ্দেশে বলেন, “বর্তমানে হাসপাতালের অনুমোদিত ৫৫ জন চিকিৎসকের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১৮ জন। এই ভয়াবহ ঘাটতি কাটিয়ে উঠতে শূন্য পদগুলো দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। জনবল বাড়লেই সেবার মানও বৃদ্ধি পাবে।”

তিনি আরও বলেন, হাসপাতালকে দালালমুক্ত, পরিচ্ছন্ন ও রোগীবান্ধব হিসেবে গড়ে তোলা হবে। জরুরি চিকিৎসার জন্য যাতে গোপালগঞ্জের মানুষকে আর ঢাকা বা খুলনার দিকে ছুটতে না হয়, সে লক্ষ্যেই আধুনিক চিকিৎসা ও অপারেশন সুবিধা জোরদার করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের পরিচালক ডা. নিয়াজ আহাম্মেদ, অধ্যক্ষ ডা. গোলাম মোর্শেদ, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. জিবিতেষ বিশ্বাসসহ বিভিন্ন বিভাগের প্রধান ও জ্যেষ্ঠ চিকিৎসকরা।

সভা শেষে এমপি ডা. কে এম বাবর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের দ্রুত সমস্যা চিহ্নিত করে সমাধানের নির্দেশ দেন। স্থানীয়দের প্রত্যাশা, নবনির্বাচিত এমপির এই উদ্যোগ বাস্তবায়িত হলে জেলার স্বাস্থ্যসেবায় এক নতুন অধ্যায়ের সূচনা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...