Logo Logo

মুকসুদপুরে কুমার নদে অবৈধ বালু উত্তোলন, ২টি ড্রেজার মেশিন ধ্বংস


Splash Image

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কুমার নদে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পশারগাতী ইউনিয়নের বাহিরবাগ এলাকায় এক মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দুটি ড্রেজার মেশিন ও বালু উত্তোলনের সংশ্লিষ্ট সরঞ্জামাদি ধ্বংস করা হয়।


বিজ্ঞাপন


অভিযানটি পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে বাহিরবাগ এলাকায় কুমার নদের পয়েন্টে আকস্মিক এই অভিযান পরিচালনা করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, জানবাগ গ্রামের শফিকুজ্জামান পান্নু ওই এলাকায় ‘আত্মঘাতী’ ড্রেজার মেশিন ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ঘটনাস্থলেই নদীতে বসানো দুটি ড্রেজার ও দীর্ঘ পাইপলাইন ভেঙে অকেজো করে দেওয়া হয়।

অভিযান চলাকালে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত সংবাদমাধ্যমকে জানান, নদী রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। জনস্বার্থে এবং পরিবেশ সুরক্ষায় প্রশাসনের এ ধরনের কঠোর অবস্থান ও তদারকি নিয়মিত অব্যাহত থাকবে।

এদিকে অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর তীর ভাঙন ও পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কায় ছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের এই তড়িৎ ও কার্যকর পদক্ষেপে তারা সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেছেন।

জেলা প্রশাসন সূত্রে আরও জানানো হয়েছে যে, জেলার বিভিন্ন স্থানে নদী দখল ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। প্রাকৃতিক সম্পদ রক্ষায় আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...