বিজ্ঞাপন
মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে, বর্তমানে ডিজেল প্রতি লিটার ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা দরে বিক্রি হচ্ছে। এপ্রিল মাসেও গ্রাহক পর্যায়ে এই একই দাম কার্যকর থাকবে। এর আগে সকালে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে নতুন দাম ঘোষণার সম্ভাবনা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার বর্তমান মূল্যই বজায় রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। ৩০ মার্চ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন জ্বালানি তেল মজুত আছে, যা দিয়ে আগামী ১৫ থেকে ১৬ দিনের চাহিদা মেটানো সম্ভব। এর মধ্যে ডিজেল ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন এবং অকটেন ৭ হাজার ৯৪০ টন মজুত রয়েছে।
তিনি আরও জানান, এপ্রিল মাসে অতিরিক্ত আরও প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে, ফলে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই। উল্লেখ্য, দেশের মোট চাহিদার প্রায় ৬৩ শতাংশই হলো ডিজেল, যা মূলত কৃষি সেচ ও গণপরিবহনে ব্যবহৃত হয়। ফলে এই দাম অপরিবর্তিত থাকা সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক হবে।
এদিকে, বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয়ে সরকার সাপ্তাহিক ছুটি বাড়ানো, অফিস সময় কমানো এবং অনলাইন ক্লাস চালুর মতো বিভিন্ন বিকল্প উদ্যোগ বিবেচনার মধ্যে রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জ্বালানি খাতের স্থিতিশীলতা বজায় রাখতে মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...