Logo Logo

সুনামগঞ্জে জ্বালানি সিন্ডিকেটে আঘাত, জামালগঞ্জে ২ হাজার লিটার ডিজেল জব্দ।


Splash Image

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অবৈধভাবে মজুত করা প্রায় ২ হাজার ৮০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। জেলা প্রশাসন, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যৌথ উদ্যোগে বুধবার বিকেলে উপজেলার সাচনা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন


অভিযান সূত্রে জানা যায়, সাচনা বাজার মসজিদ মার্কেট সংলগ্ন একটি গোডাউনে বিপুল পরিমাণ ডিজেল মজুত রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে ধানুয়াখালী গ্রামের মৃত আব্দু মিয়ার ছেলে নবী হোসেনের গোডাউন থেকে এসব জ্বালানি তেল জব্দ করা হয়। তবে অভিযানকালে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানকালে ২০০ লিটারের ১০টি পূর্ণ ড্রাম এবং একটি খোলা ড্রামে থাকা অতিরিক্ত ৮০ লিটারসহ মোট ২ হাজার ৮০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে আরও তিনটি খালি ড্রাম জব্দ করা হয়েছে। প্রশাসনের ধারণা, এসব ড্রাম ব্যবহার করে আরও জ্বালানি তেল মজুতের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

জব্দকৃত ডিজেল ও ড্রামগুলো সাচনা বাজারে অবস্থিত যমুনা অয়েল কোম্পানির বার্জ ডিপোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালালের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান। তিনি জানান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

তিনি আরও বলেন, “অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।”

এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ হওয়ায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...