Logo Logo

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতির অধিকার নেই: নোয়াখালীতে বরকত উল্লাহ বুলু


Splash Image

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু বলেছেন, যারা মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এবং ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগকে অস্বীকার করে, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে নোয়াখালীর মাইজদী হাউজিং এলাকার বালুর মাঠে আয়োজিত নোয়াখালী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে ১৯৪৭-এর চিন্তায় ফিরে যেতে চায়, যারা দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমহানির ঘটনা অস্বীকার করে—তারা জাতির সঙ্গে বেঈমানি করছে।” এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বুলু অভিযোগ করেন, কিছু গোষ্ঠী সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভোট আদায়ের চেষ্টা করেছে। “গরিব মা-বোনদের বেহেশতের টিকেটের প্রলোভন দেখিয়ে তাদের ঈমান-আকিদা নষ্ট করা হয়েছে,” বলেন তিনি।

ধর্মীয় প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বেহেশতের টিকেট কেউ বিক্রি করতে পারে না। এমনকি মহানবী (সা.) নিজেও কাউকে সরাসরি বেহেশতের নিশ্চয়তা দেননি। মানুষের আমল ও আল্লাহর সন্তুষ্টিই জান্নাত লাভের একমাত্র পথ।”

তিনি আরও বলেন, যারা ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে, তারা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে বিচ্যুত হচ্ছে এবং আল্লাহর পক্ষ থেকে এর কঠোর শাস্তি আসবে বলেও মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সরওয়ার উদ্দিন এবং নোয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. লিয়াকত আকবর।

মেলার উদ্বোধন করেন দি নোয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ফিরোজ আলম মতিন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...