Logo Logo

গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধীজন অংশগ্রহণ করেন।

সভায় জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত উপজেলার ২১টি ইউনিয়নে (পৌরসভা এলাকা ব্যতীত) এই টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। এ পর্যায়ে মোট ৩০ হাজার ৩৪০ জন শিশুকে হাম-রুবেলার প্রতিষেধক টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গায়ত্রী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৌশিক আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশুদের সুরক্ষায় এই জাতীয় কর্মসূচি সফল করতে সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

ডা. গায়ত্রী বিশ্বাস তার বক্তব্যে হাম ও রুবেলা প্রতিরোধে এই টিকার গুরুত্ব তুলে ধরে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।

সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) লাখসানা লাকী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিসুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শারমিন আক্তার এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র বালা। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলামও তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন। এছাড়া সাংবাদিক মোঃ আবিদ হাসান মুছা, তানভীর ইসলামসহ স্থানীয় সাংবাদিক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভার এক পর্যায়ে প্রজেক্টরের মাধ্যমে হাম-রুবেলা রোগের ভয়াবহতা ও প্রতিষেধক টিকার কার্যকারিতা নিয়ে সচেতনতামূলক উপস্থাপনা করা হয়। বক্তারা মাঠ পর্যায়ে এই কর্মসূচিকে সফল করতে জনবল বৃদ্ধি ও ব্যাপক প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...