Logo Logo

গোপালগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত : র‍্যালি, আলোচনা ও রক্তদান কর্মসূচির আয়োজন


Splash Image

‘সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি—সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা জজ মোহাম্মদ সামছুল হক।

উদ্বোধনের পর সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বিচার বিভাগীয় কর্মকর্তা, আইনজীবী, সরকারি কর্মকর্তা এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে আদালত চত্বরে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমেরও উদ্বোধন করেন সিনিয়র জেলা জজ মোহাম্মদ সামছুল হক।

পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ সামছুল হক। গোপালগঞ্জ লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, সিভিল সার্জন ডা. আবু সাঈদ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান। এ সময় আরও বক্তব্য রাখেন সিনিয়র জেলা জজ সৈয়দ আরাফাত হোসেন, স্পেশাল পিপি তৌফিকুল ইসলাম, জিপি এম এ আলম সেলিম এবং জিপি আবুল খায়েরসহ অন্যান্য অতিথিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রান্তিক ও অসচ্ছল মানুষের বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে সরকারিভাবে বিনামূল্যে আইনগত সহায়তা একটি যুগান্তকারী পদক্ষেপ। এই কার্যক্রমের ফলে সাধারণ মানুষ সহজে আইনি সেবা গ্রহণ করতে পারছে এবং দীর্ঘদিনের বিরোধগুলো শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি হচ্ছে। তৃণমূল পর্যায়ে এই কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ সামছুল হক লিগ্যাল এইড কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, ন্যায়বিচার প্রাপ্তি সহজ করতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে এই উদ্যোগকে আরও বিস্তৃত ও গতিশীল করা অপরিহার্য।

উল্লেখ্য, বিনামূল্যে আইনি সহায়তা সম্পর্কে জনগণকে সচেতন করতে এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিতের লক্ষ্যে প্রতি বছর ২৮ এপ্রিল দেশব্যাপী জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...