বিজ্ঞাপন
সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের তাহেরপুর গ্রামের বাহারের দোকান এলাকায় এই সংঘর্ষ হয়।
গুলিবিদ্ধ শাকিল মাহমুদ ছয়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী। এ ঘটনায় আহত অন্য ব্যক্তিরা হলেন— মো. আলাউদ্দিন (৫০), মহর আলী (৫৯), মনোয়ারা বেগম (৫০), মাহফুজুর রহমান (২২), নাসরিন আক্তার (১৮), আলমগীর হোসেন (২৬) ও জহির (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত জাতীয় নির্বাচনের দিন সৃষ্ট বিরোধের জেরে সোমবার বিকেলে স্থানীয় কৃষকদলের আনন্দ মিছিলে যাওয়ার পথে মাহফুজ নামে এক কর্মীকে মারধর করা হয়। এই ঘটনার রেশ ধরে রাত সাড়ে ৯টার দিকে ছয়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আলাউদ্দিন তার অনুসারীদের নিয়ে প্রতিপক্ষ মাহফুজের বাড়িতে যান। সেখানে বাগবিতণ্ডার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
স্থানীয়দের তথ্যমতে, মাহফুজ বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকলেও তার বাবা মহর আলীসহ পরিবারের অধিকাংশ সদস্য জামায়াতপন্থী হিসেবে পরিচিত। ফলে সংঘর্ষটি বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে যুবদল কর্মী শাকিল পাটোয়ারীর বুকের বাম পাশে গুলি লাগে এবং আলাউদ্দিনের মাথা ফেটে যায়। এ সময় প্রতিপক্ষের আরও ৬ জন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় শাকিলকে উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
বিএনপি নেতা মো. আলাউদ্দিনের দাবি, তিনি বিষয়টি মীমাংসা করতে গেলে মহর আলীর লোকজন হামলা চালায় এবং রাকিব নামে এক যুবকের গুলিতে শাকিল আহত হন।
তবে অভিযোগ অস্বীকার করে রাকিব ও স্থানীয় অন্য পক্ষ জানায়, বিএনপি নেতা আলাউদ্দিনের নিজের অস্ত্রের গুলিতেই ভুলবশত (মিস ফায়ার) শাকিল গুলিবিদ্ধ হয়েছেন।
জেলা জামায়াতের সেক্রেটারি বোরহান উদ্দিন হামলার অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, এটি মূলত বিএনপির অভ্যন্তরীণ কোন্দল। তাদের কোনো নেতাকর্মী এই ঘটনার সাথে জড়িত নয়।
অন্যদিকে ছয়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী দাবি করেন, জামায়াতের লোকজন পরিকল্পিতভাবে মিছিলে হামলা করেছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...