বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।
কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কলেজ ক্যাম্পাসে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
বহিষ্কৃত নেতারা হলেন— কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুর্শিদুর রহমান রায়হান, সহ-সভাপতি আক্তারুজ্জামান বিশাল এবং সহ-সাধারণ সম্পাদক তানভীর হোসেন শাওন। এ ছাড়া সাবেক সভাপতি আকবর হোসেনকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যার নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষক পরিষদের অভিযোগ অনুযায়ী, কলেজের বিভিন্ন উন্নয়ন কাজ ও পরীক্ষার ফি সংক্রান্ত বিষয়ে চাঁদা দাবি করে আসছিলেন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। কাঙ্ক্ষিত চাঁদা না পেয়ে তারা গত কয়েকদিন ধরে কলেজে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিলেন। ঘটনার দিন অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষক নিজ কার্যালয়ে দুপুরের খাবার খাওয়ার সময় একদল নেতাকর্মী কক্ষে প্রবেশ করে তাদের গালিগালাজ করেন এবং খাবারের টেবিল থেকে উঠে যেতে বাধ্য করেন।
একপর্যায়ে তারা বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুনশাদুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তার শার্টের বোতাম ছিঁড়ে ফেলেন এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেনকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।
নোয়াখালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ বি এম সানা উল্লাহ বলেন, চাঁদা না পেয়ে তারা বেশ কিছুদিন ধরেই অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আসছিল। সর্বশেষ এই ঘটনাটি সীমা অতিক্রম করেছে। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে কলেজ ছাত্রদল সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ দাবি করেন, শিক্ষকদের সঙ্গে কথা বলার সময় ভুল বোঝাবুঝি থেকে তর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে একজন ছাত্র ক্ষুব্ধ হয়ে ফুলের টব ও গ্লাস ভাঙচুর করলেও এর সঙ্গে ছাত্রদলের কোনো সাংগঠনিক সংশ্লিষ্টতা নেই।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...