Logo Logo

কর্ণফুলীতে মিথ্যা অপবাদের বিরুদ্ধে মানববন্ধন


Splash Image

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী শেখ মুহাম্মদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


গতকাল শুক্রবার (১ মে) বিকেল ৫টার দিকে ফকিরনীহাট রাস্তার মাথায় ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের সচেতন ও শান্তিকামী এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে শেখ মুহাম্মদ অভিযোগ করেন, তার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে একটি চক্র পরিকল্পিতভাবে তার চরিত্রহননের উদ্দেশ্যে কর্ণফুলী থানায় ভুয়া অভিযোগ দায়ের করেছে। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করছে।

তিনি জানান, গত ২৩ এপ্রিল একটি আঞ্চলিক পত্রিকা ও অনলাইনে তাকে ‘মামলাবাজ’ হিসেবে আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করা হয়, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তার দাবি, উল্লিখিত কোনো মামলার সঙ্গে তার নেতিবাচক সম্পৃক্ততা নেই; বরং তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এমন অপকৌশল নেওয়া হয়েছে।

বক্তব্যে শেখ মুহাম্মদ আরও উল্লেখ করেন, মো. হেলাল, মো. মঞ্জু, মো. তানজু, মো. আবুল কাশেম (প্রকাশ বাল্লা), মো. নুরুল হক, মো. মুছা, কামরুল হাসান হিমু, মো. সালাহউদ্দীন, মো. এয়াছিন, মো. নুর ও মো. আবদুল সাত্তার বাহাদুরসহ বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে নারী নির্যাতন, হত্যা ও বিভিন্ন ফৌজদারি অপরাধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে। মামলার পর থেকেই বিবাদীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন বলে তিনি অভিযোগ করেন।

বর্তমানে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি এই অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে স্থানীয়দের মধ্যে কুলছুমা খাতুন, আশিয়া খাতুন ও মোহাম্মদ পারভেজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...