অভিযুক্ত যুবদল নেতা জিয়াউর রহমান ওরফে জিয়া।
বিজ্ঞাপন
ভুক্তভোগী সাংবাদিক মো. মামুন উদ্দিন ওরফে মামুন রাফী (২৬) বর্তমানে দৈনিক 'প্রতিদিনের কাগজ'-এর নোয়াখালী জেলা প্রতিনিধি এবং 'দ্যা ঢাকা নিউজ'-এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।
থানায় দায়ের করা জিডি সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২ মে) দুপুরে মামুন রাফী যখন চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথার নিজ বাসায় অবস্থান করছিলেন, তখন যুবদল নেতা জিয়া তাকে মোবাইল ফোনে কল করেন। নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিমের মালিকানাধীন আজিম গ্রুপের শ্রমিকদের বকেয়া বেতন সংক্রান্ত একটি ফেসবুক পোস্ট নিয়ে ক্ষুব্ধ হয়ে জিয়া তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগে মামুন রাফী চান্দগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১০৬) দাখিল করেন।
সাংবাদিক মামুন রাফী বলেন, "পেশাগত দায়িত্ব ও সামাজিক দায়বদ্ধতা থেকে আমি তথ্যটি ফেসবুকে শেয়ার করেছিলাম। কিন্তু এরপর থেকে আমাকে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, তাতে আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।"
অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া ঘটনার সত্যতা আংশিক স্বীকার করে বলেন, "সাংবাদিক রাফী তার পোস্টে আজিম গ্রুপের মালিককে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি লিখেছিলেন যে, মালিক নির্বাচনের সময় কোটি কোটি টাকা খরচ করতে পারলেও এখন শ্রমিকদের বেতন দিতে পারছেন না। কেন শ্রমিক আন্দোলনের ঠিক আগ মুহূর্তে এমন পোস্ট দেওয়া হলো, তা জানতে আমি তাকে ফোন করেছিলাম। একপর্যায়ে মেজাজ হারিয়ে তাকে গালমন্দ করেছি।"
এ ব্যাপারে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন জানান, আজিম গ্রুপের শ্রমিকদের আন্দোলন নিয়ে পুলিশ ব্যস্ত থাকায় জিডির বিষয়টি বিস্তারিত পর্যালোচনার সময় পাওয়া যায়নি। তবে অতি দ্রুত জিডির বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...