কেরালার পেরামব্রা আসনে বিজয়ী মুসলিম লীগের প্রথম নারী এমএলএ ফাতেমা তাহলিয়া
বিজ্ঞাপন
ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের (আইইউএমএল) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বামপন্থী দল সিপিআই(এম)-এর হেভিওয়েট নেতা রামকৃষ্ণানকে পরাজিত করেছেন। এই জয় শুধু ফাতেমার ব্যক্তিগত রাজনৈতিক সাফল্যই নয়, বরং দীর্ঘদিনের প্রথা ভেঙে মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী বিধায়ক (এমএলএ) হিসেবে নির্বাচিত হওয়ার এক ঐতিহাসিক দৃষ্টান্ত।
ভোরেরবাণী ডটকম ডটবিডি-র প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৩৪ বছর বয়সী এই তরুণী আইনজীবী প্রায় ৬৩ হাজার ৯৯৯ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৪ হাজার ৭০০ ভোটের ব্যবধানে জয়ী হয়ে তিনি প্রমাণ করেছেন রাজনীতিতে নারীদের শক্ত অবস্থান। কোজিকোড জেলার পেরুভায়ালে জন্মগ্রহণ করা ফাতেমার রাজনৈতিক হাতেখড়ি মূলত ছাত্রজীবন থেকেই। প্রথমে ছাত্রসংগঠনের নেতৃত্ব দিয়েছেন, পরবর্তীতে স্থানীয় সরকারে কাউন্সিলর হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দলের যুব সংগঠনের একটি গুরুত্বপূর্ণ পদেও আসীন রয়েছেন।
সাম্প্রতিক সময়ে ভারতে হিজাব নিয়ে নানা রাজনৈতিক বিতর্কের আবহে ফাতেমার এই বিজয় একটি শক্তিশালী সামাজিক বার্তা বহন করে। পেশায় আইনজীবী ফাতেমা আগে থেকেই সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয়। এলাকার ‘মানবিক আইনজীবী’ হিসেবে পরিচিত ফাতেমা দীর্ঘকাল ধরে গরিব ও অসহায় মানুষদের বিনা পয়সায় আইনি সহায়তা দিয়ে আসছেন। স্থানীয় বিভিন্ন সামাজিক কার্যক্রমেও তার সরব উপস্থিতি রয়েছে। মেধা, নেতৃত্বগুণ এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে একজন হিজাব পরিহিত নারীও যে রাজনীতির কঠিন ময়দানে সাধারণ মানুষের আস্থা অর্জন করে শীর্ষ পর্যায়ে পৌঁছাতে পারেন, ফাতেমা তাহলিয়ার এই ঐতিহাসিক জয় তারই এক উজ্জ্বল প্রমাণ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...