Logo Logo

নড়াইলে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা, দোয়া ও ডকুমেন্টারি প্রদর্শনী


Splash Image

নড়াইল প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় লগি-বৈঠার সহিংসতায় নিহতদের স্মরণে নড়াইলে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


বিজ্ঞাপন


বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।

আলোচনা সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার জাকির হোসেন, কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক ও আইয়ুব হোসেন খান, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন এবং শ্রমিক ফেডারেশনের সভাপতি আকিদুল ইসলাম। এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীরাও উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাকে স্মরণ করে বলেন, তৎকালীন সরকারের মেয়াদের শেষ দিনে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রাক্কালে বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশে দিনব্যাপী সহিংসতা চালানো হয় এবং এতে বহু মানুষ নিহত হন।

তিনি এ ঘটনার জন্য তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের নেতাকর্মীদের দায়ী করেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ওই ঘটনার ধারাবাহিকতায় পরবর্তীতে ওয়ান-ইলেভেনের সরকার ক্ষমতায় আসে এবং রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন ঘটে।

আলোচনা সভায় বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাবলি স্মরণ করেন এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। সভা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পরে ওই দিনের সহিংসতার বিভিন্ন দৃশ্য নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...