Logo Logo

জামায়াতে ইসলাম আফিমের চেয়েও বিপজ্জনক : বরকত উল্যাহ বুলু


Splash Image

জামায়াতে ইসলামকে ‘আফিমের মতো’ আখ্যায়িত করে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেছেন, এটা মাদকের চেয়েও বিপজ্জনক। তিনি বলেন, এটা একবার যে খায়, সে জীবনে আর ভুলতে পারে না। এখানে তাদের নেতারা শুদ্ধ-অশুদ্ধ , ভুল যা বলে তারা এটাই মানে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৫ মে) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পৌরণবিবি বাজারে পৌরণবিবি-মুন্সিরহাট খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মওদুদীবাদ প্রসঙ্গে বুলু দাবি করেন, মওদুদীর বংশধরেরা নিজেরা জামায়াতে ইসলামের রাজনীতিতে সক্রিয় নন। তবে তাদের অনুসারীরা কৌশলগতভাবে সরকার ও বিরোধী উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখে। “তারা গুপ্তভাবে সব জায়গায় অবস্থান করে, যাতে কোনো পরিস্থিতিতেই তাদের অসুবিধা না হয়,”—বলেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীদের এসব ‘গুপ্ত তৎপরতা’ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান বুলু।

অনুষ্ঠানে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করে বলেন, “একজন তরুণ জাতীয়তাবাদী নেতাকে হত্যা করা হয়েছে। এটি সম্রাজ্যবাদী চক্রান্তের অংশ। যারা এ দেশে শূকরের মাংস আমদানির অনুমতি দিয়েছে এবং দেশকে বিক্রি করে দিতে চেয়েছে, তারাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে বেরিয়ে আসবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান এবং পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী এস.এম রেফাত জামিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...