Logo Logo

নোয়াখালীতে আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার


Splash Image

নোয়াখালী সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া তিনটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (১০ মে) বিকেলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার রাতে উপজেলার কৃষ্ণরামপুর এবং রোববার ভোরে পশ্চিম বদরীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—লক্ষ্মীপুরের রামগতির আবুল কালাম ওরফে রাসেল (৩৫), হাতিয়ার মোহাম্মদ উদ্দিন আজাদ (২৮) ও মেহেদী হাসান (২৯), নোয়াখালী সদরের আশরাফুল (২৫) এবং সুবর্ণচরের নুর হোসেন (৫৭)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণরামপুর এলাকার একটি গ্যারেজে প্রথম অভিযান চালানো হয়। সেখান থেকে মেহেদী হাসান, আশরাফুল ও নুর হোসেনকে গ্রেফতারের পাশাপাশি দুটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার ভোরে পশ্চিম বদরীপুর এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে আবুল কালাম ও আজাদকে গ্রেফতার এবং আরও একটি অটোরিকশা উদ্ধার করে পুলিশ।

সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত তিনটি অটোরিকশার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোরচক্রের সদস্য। তারা লক্ষ্মীপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চুরি করে নোয়াখালীতে এনে বিক্রি করত।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের ইতিমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...