Logo Logo

নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, জরিমানা লাখ টাকা


Splash Image

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সরকারি অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনার দায়ে দুটি ডেন্টাল ল্যাবরেটরিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নে অবস্থিত ‘পপুলার ডেন্টাল ল্যাবরেটরি’ ও ‘মা ডেন্টাল ল্যাবরেটরি’-তে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন।

আদালত সূত্রে জানা গেছে, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে পপুলার ডেন্টাল ল্যাবরেটরিতে চরম অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করা যায়। এছাড়া প্রয়োজনীয় দাপ্তরিক কাগজপত্র, সরকারি ছাড়পত্র এবং সংশ্লিষ্ট টেকনোলজিস্টদের পেশাগত সনদ না থাকায় ‘বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০’-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, সরকারি অনুমোদন ও পর্যাপ্ত প্রশিক্ষিত টেকনিশিয়ান ছাড়াই কার্যক্রম চালিয়ে যাওয়ার অপরাধে মা ডেন্টাল ল্যাবরেটরিকে ৫৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বৈধ কাগজপত্র হালনাগাদ না করা পর্যন্ত আগামী ১৫ দিন সকল কার্যক্রম বন্ধ রাখার লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয় এবং প্রতিষ্ঠান দুটিকে তালাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অভিযানকালে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. সানজিদা, এনএসআই-এর ফিল্ড অফিসারবৃন্দ এবং বেগমগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...