Logo Logo

রাজবাড়ীতে বিভিন্ন দাবিতে জেলা প্রশাসককে নাগরিক কমিটির স্মারকলিপি


Splash Image

পৌর ট্যাক্স কমানো ও বাজারের জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ দাবিতে রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীনকে স্মারকলিপি প্রদান করেছে রাজবাড়ী নাগরিক কমিটি।


বিজ্ঞাপন


সোমবার (১৮ মে) বেলা সাড়ে বারোটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে কমিটির নেতৃবৃন্দ এই স্মারকলিপি তুলে দেন। নাগরিক কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে রাজবাড়ী শহরের বেশ কয়েকটি জরুরি সমস্যা ও দাবি তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—

পৌর ট্যাক্স পুনঃমূল্যায়ন: রাজবাড়ী পৌরসভার বর্তমান পৌর ট্যাক্স যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা।

জলাবদ্ধতা দূরীকরণ: সামান্য বৃষ্টি হলেই বাজারে সৃষ্ট তীব্র জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া।

চিকিৎসক সংকট দূরীকরণ: রাজবাড়ী সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা চক্ষু চিকিৎসক পদটিতে দ্রুত ডাক্তার নিয়োগ দেওয়া।

কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ: মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে সরাসরি প্রকৃত কৃষকদের নিকট থেকে সরকারিভাবে ধান ক্রয় করা।

বর্জ্য ব্যবস্থাপনা: বসতবাড়ির ময়লা-আবর্জনা নিয়মিত ও সঠিকভাবে অপসারণের ব্যবস্থা করা।

স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক আফরোজা পারভীন নাগরিক কমিটির নেতৃবৃন্দের কথা অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন। তিনি সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং বিশেষ করে পৌরসভা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে অতিসত্বর পৌর প্রশাসকের সাথে জরুরি আলোচনা করবেন বলে জানান।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী নাগরিক কমিটির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, সহ-সভাপতি গোলাম আলি, সাধারণ সম্পাদক ফকীর শাহাদাৎ হোসেন, সদস্য অরুন সরকার ও দিলিপ চাকি। এছাড়া রাজবাড়ী মহিলা পরিষদের সাধারণ সম্পাদক কিষ্টিনা মারিও রেখাসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...