বিজ্ঞাপন
বুধবার (২০ মে) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সপ্তাহের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশ। বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইউনুস মোল্লা রাজুও অনুষ্ঠানে অন্যতম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফরিদপুরের সহকারী পরিচালক মোঃ বেলাল উদ্দিন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠান শেষে অতিথিদের নিয়ে একটি কেক কাটা হয়।
এর আগে সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে ফায়ার সার্ভিসের জরুরি উদ্ধার কাজে ব্যবহৃত আধুনিক বিভিন্ন যন্ত্রপাতি ও সিভিল ডিভাইস প্রদর্শন করা হয়। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারী এবং রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস অনন্য ভূমিকা পালন করে আসছে। ফায়ার সার্ভিসের সদস্যরা সাধারণ মানুষের জানমাল রক্ষায় নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অগ্নি নির্বাপনের পাশাপাশি সড়ক দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য জরুরি পরিস্থিতিতেও এই বাহিনীর কর্মীরা প্রথম সাড়াদানকারী হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
বক্তারা আরও উল্লেখ করেন, কেবল দুর্ঘটনাকবলিতদের উদ্ধার করাই নয়, বরং দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করে তা প্রতিরোধে জনসচেতনতা তৈরিতেও ফায়ার সার্ভিস কাজ করছে। দেশের জনগণের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীগুলোর মধ্যে ফায়ার সার্ভিস অন্যতম একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এই সংস্থাকে আরও গতিশীল ও আধুনিকায়নে বর্তমান সরকার বিভিন্ন যুগোপযোগী কার্যক্রম বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে জনসচেতনতা বৃদ্ধি এবং অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে ২০ থেকে ২২ মে পর্যন্ত তিন দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...