Logo Logo

গোপালগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমিগ্রেশনে গ্রেপ্তার


Splash Image

প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করার অপরাধে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি প্রিন্স মোল্লা (৩৪)-কে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। বিদেশ (ইরাক) থেকে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়।


বিজ্ঞাপন


আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (২০ মে) রাতে মধ্যপ্রাচ্যের দেশ ইরাক থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রিন্স মোল্লা। এ সময় ইমিগ্রেশন পার হওয়ার সময় তাঁর পাসপোর্টে থাকা সাজা পরোয়ানার (ওয়ারেন্ট) তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে। পরে গোপালগঞ্জ সদর থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।

গোপালগঞ্জ থানা পুলিশের একটি দল ঢাকা থেকে তাঁকে নিয়ে আসে এবং আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুরে গোপালগঞ্জ আদালতে হাজির করে। আদালতের বিজ্ঞ বিচারক তাঁকে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

আদালতের নথি সূত্রে জানা যায়, প্রিন্স মোল্লা তাঁর প্রথম স্ত্রী মনিরার সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় কোনো প্রকার অনুমতি না নিয়েই গত বছরের ৪ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়ায় সুলতানা নামে আরেক নারীকে বিয়ে করেন।

এই জালিয়াতি ও প্রতারণার ঘটনা জানতে পেরে প্রথম স্ত্রী মনিরা বাদী হয়ে মুসলিম পারিবারিক আইনে গোপালগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং সাক্ষ্য-প্রমাণ শেষে গত ১৩ এপ্রিল গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ আলী তালহা আসামি প্রিন্স মোল্লাকে দোষী সাব্যস্ত করে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

আদালতের ওই রায় ঘোষণার সময় প্রিন্স মোল্লা প্রবাসে পলাতক ছিলেন। অবশেষে দেশে পা রাখতেই ইমিগ্রেশন পুলিশের তৎপরতায় তাঁর শেষ রক্ষা হলো না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...