Logo Logo

পাইকগাছায় জমির সীমানা বিরোধে হামলা, স্বামী-স্ত্রীসহ আহত ৪


Splash Image

খুলনার পাইকগাছায় জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। জমি বিক্রেতার পরিবার পরিকল্পিতভাবে ইট নিয়ে ক্রেতার পরিবারের ওপর চড়াও হলে স্বামী-স্ত্রীসহ চারজন মারাত্মকভাবে আহত হন। আহতরা বর্তমানে পাইকগাছা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন।


বিজ্ঞাপন


উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটীপাড়া গ্রামে প্রায় চার বছর আগে মৃত রুহুল আমিন গাজীর ছেলে আলাউদ্দিন গাজী একই এলাকার ইবাদুল কাগজীর কাছ থেকে ১০ শতাংশ জমি কিনে বাড়িঘর নির্মাণ করে বসবাস শুরু করেন। জমি কেনার সময় হাত দিয়ে মেপে বুঝিয়ে দেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার উভয় পক্ষের সম্মতিতে সার্ভেয়ার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জমি পরিমাপ করে সীমানা নির্ধারণ করা হয়। কিন্তু পরিমাপ শেষে সবাই চলে যাওয়ার পরপরই পরিস্থিতি ঘুরে যায়।

বিক্রেতা ইবাদুল কাগজী তার দুই ছেলে ইউনুস কাগজী ও ইলিয়াস কাগজীকে নিয়ে ঘটনাস্থলে ফিরে এসে "মাপ মানি না" বলে সীমানা পিলার ভাঙতে শুরু করেন। আলাউদ্দিন গাজী বাধা দিতে গেলে তারা পরিকল্পিতভাবে ইট দিয়ে তার পরিবারের ওপর হামলা চালায়।

এ হামলায় আরও অংশ নেন ইবাদুলের স্ত্রী নাজেরা বেগম, মেয়ে সাথী বেগম এবং জামাতা খায়রুল ইসলাম।

হামলায় ইটের আঘাতে আহত হন আলাউদ্দিন গাজী, তার স্ত্রী ফাতেমা বেগম, ছেলে নাজমুল হোসেন ও জামাল গাজী।স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। আহতদের চিকিৎসা চলছে। এ বিষয়ে পাইকগাছা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

​অন্যদিকে হামলার অভিযোগ অস্বীকার করে বিবাদী পক্ষের ইউনুস গাজী বলেন, জমি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য আমিন দিয়ে মাপজোখ করা হয়েছিল। ঘেরাবেড়া দেওয়ার সময় সামান্য হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। আমরা হাত দিয়ে আঘাত করেছি, তবে তারা কীভাবে এতটা জখম হলেন তা আমাদের জানা নেই। হয়তো পড়ে গিয়ে এমন চোট পেয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...