Logo Logo

গোপালগঞ্জের উলপুর বাজারে খাসজমি দখলমুক্ত করল প্রশাসন


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর বাজারে সরকারি খাসজমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৯ জুন) দুপুরে পরিচালিত অভিযানে সরকারি জমি দখলমুক্ত করা হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উলপুর বাজার এলাকায় সরকারি খাসজমি দখল করে নাসির মোল্লা, সাজ্জাদ মিনা ও দ্বীন ইসলাম মোল্লা অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছিলেন। এ বিষয়ে ইউনিয়ন ভূমি কার্যালয়ের পক্ষ থেকে তাদের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলেও তারা তা উপেক্ষা করে কাজ চালিয়ে যান। পরবর্তীতে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে উচ্ছেদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযানের সময় সরকারি জমির ওপর নির্মিত অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হয় এবং খাসজমি সম্পূর্ণভাবে দখলমুক্ত করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফ বলেন, সরকারি খাসজমি দখল করে স্থাপনা নির্মাণ আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধের জন্য প্রচলিত আইনে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে।

তিনি আরও বলেন, সরকারি জমি দখলমুক্ত রাখা এবং রাষ্ট্রের সম্পত্তি সুরক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সরকারি খাসজমি দখল কিংবা অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...