Logo Logo

বাজেট ২০২৬-২৭

ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমা রাখলে দিতে হবে না আবগারি শুল্ক


Splash Image

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাংকে জমা রাখা অর্থের ওপর আবগারি শুল্কমুক্ত সীমা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। নতুন অর্থবছর থেকে কোনো গ্রাহকের ব্যাংক হিসাবে সর্বোচ্চ ৪ লাখ টাকা পর্যন্ত জমা থাকলে তাকে আর আবগারি শুল্ক দিতে হবে না।


বিজ্ঞাপন


বর্তমানে ব্যাংক হিসাবে বছরে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত জমার ক্ষেত্রে কোনো আবগারি শুল্ক আরোপ করা হয় না। তবে ৩ লাখ ১ টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত জমা থাকলে ১৫০ টাকা আবগারি শুল্ক পরিশোধ করতে হয়। প্রস্তাবিত বাজেটে এই শুল্কমুক্ত সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করার প্রস্তাব রাখা হয়েছে।

আজ বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এর আগে সকালে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।

সরকারের প্রস্তাবিত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে বাজেটে আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

এই বিশাল ঘাটতি মোকাবিলায় সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক—উভয় উৎস থেকেই অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে। বাজেট প্রস্তাব অনুযায়ী, বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে।

অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে ১ লাখ ১২ হাজার কোটি টাকা। পাশাপাশি সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে সংগ্রহ করা হবে আরও ১৫ হাজার কোটি টাকা।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ বাজেট প্রস্তাব পেশ করা হবে। এটি বাংলাদেশের ৫৫তম জাতীয় বাজেট। একই সঙ্গে বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে আমির খসরুর প্রথম বাজেট উপস্থাপন হিসেবেও এটি বিশেষ গুরুত্ব বহন করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...