Logo Logo

নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাইয়ের মৃত্যু


Splash Image

নোয়াখালীর সেনবাগ উপজেলায় দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন।


বিজ্ঞাপন


শনিবার (১৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার কানকিরহাট-ছাতারপাইয়া-সোনাইমুড়ী সড়কের কেশারপাড় এলাকার মুন্সি দোকান সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সেনবাগ উপজেলার ডমুরুয়া গ্রামের মুসলিম স্বর্ণকার বাড়ির সিএনজি অটোরিকশা চালক মো. আলমের ছেলে আসিফ ও আরিফ। আহত শাওন একই বাড়ির সিএনজি অটোরিকশা চালক মো. শাহজাহানের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতে তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে কানকিরহাট থেকে ছাতারপাইয়ার দিকে যাচ্ছিল। পথে মুন্সি দোকান এলাকায় পৌঁছালে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিন আরোহীই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ছাতারপাইয়া বাজারের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আসিফ ও আরিফকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে গুরুতর আহত শাওনের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই ভাই নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...