বিজ্ঞাপন
সোমবার (১৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মন্জুর আহমেদ।
এর আগে রোববার দিবাগত রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামায়ের টেক এলাকার মাসুদ মিয়ার নতুন বাড়ি, বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শান্তিপাড়া এলাকার মান্নানের বাড়ি এবং চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুরুজ্জামান পন্ডিত বাড়িতে ডাকাতির এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় ২টার দিকে চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নুরুজ্জামান পন্ডিত বাড়ির আবুধাবি প্রবাসী জনির বিল্ডিংয়ে ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী ডাকাত দল হানা দেয়। তারা লোহার দরজার লক ভেঙে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দুই লাখ টাকা এবং দুই ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
এর প্রায় দেড় ঘণ্টা পর রাত সাড়ে ৩টার দিকে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামায়ের টেক এলাকায় কাতার প্রবাসী আব্দুল হাই মাসুদের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের গলায় ছুরি ধরে ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে তারা দুই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।
একই রাতে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শান্তিপাড়া এলাকায় মান্নানের বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা প্রায় ৬ আনা স্বর্ণালঙ্কার এবং কিছু নগদ টাকা নিয়ে যায় বলে জানা গেছে।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মন্জুর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ তিনটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এক রাতেই পরপর তিনটি ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...