বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই সভায় আসন্ন বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সাংবাদিকদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।
মতবিনিময়কালে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয়ের আহ্বানে সাড়া দিয়ে শতাধিক সাংবাদিকের উপস্থিতি আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আগামী ২২ জুন বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্যাম্পাসে নানা বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এ ছাড়া গৌরবময় এই দিনে ৪৯ জন শিক্ষক-শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড এবং তিনটি ক্যাটাগরিতে তিনজনকে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
উপাচার্য আরও উল্লেখ করেন, সাংবাদিকদের আলোচনায় উঠে আসা বিভিন্ন সমস্যা ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় পরিচালনার লক্ষ্যে বর্তমান প্রশাসন নিরলস কাজ করছে। আগামী অর্থবছরে একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নের জন্য বেশ কয়েকটি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে একাডেমিক ভবন-৩ নির্মাণের কাজ বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের চলমান শ্রেণিকক্ষ ও ল্যাবসংকট অনেকাংশে দূর হবে।
তিনি তাঁর বক্তব্যে আরও জানান, ক্যাম্পাসে একটি নতুন স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি সোনাপুর থেকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাংলাবাজার পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করা গেলে শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াত অনেক সহজ ও সুবিধাজনক হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য আশ্বস্ত করেন যে, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত প্রচেষ্টায় পর্যায়ক্রমে সমাধান করা হবে।
সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, অতীতে সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও সেই ইতিবাচক সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রশাসন প্রত্যাশা করে। বিশ্ববিদ্যালয় সুচারুভাবে পরিচালনায় সাংবাদিকদের যেকোনো গঠনমূলক পরামর্শ সর্বদা সাদরে গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. গাজী মো. মহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী, বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...