Logo Logo

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক- ২


Splash Image

নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দিতে এসে জালিয়াতির অভিযোগে দুই প্রার্থী আটক হয়েছেন। কর্তৃপক্ষের সন্দেহের ভিত্তিতে যাচাই-বাছাইয়ে বেরিয়ে আসে, প্রবেশপত্রে ছবি পরিবর্তন করে অন্য ব্যক্তিকে দিয়ে পরীক্ষা দেওয়ানো হয়েছিল। পরে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।


বিজ্ঞাপন


রোববার (২১ জুন) রাত সোয়া ৯টার দিকে নোয়াখালীর মাইজদী বাজারে কর অঞ্চল নোয়াখালীর কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগপত্রপ্রাপ্ত কামাল উদ্দিন এবং অফিস সহায়ক পদে নিয়োগপত্রপ্রাপ্ত নাসফুর উল্যাহ হুমায়ুন। তাদের বাড়ি যথাক্রমে সদর উপজেলার ব্রহ্মপুর ও হাতিয়া উপজেলার গুল্যাখালী এলাকায়। জানা গেছে, নাসফুর উল্যাহ হুমায়ুনের মামা আয়কর বিভাগে কর্মরত রয়েছেন।

কর অঞ্চল নোয়াখালীর উপ কর কমিশনার এনামুল হাসান আল নোমান জানান, গত ১১ জুন লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে কর অঞ্চলের ১৩ থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে ১১২ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। রোববার নির্বাচিত প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র ও মেডিক্যাল রিপোর্টসহ যোগদানের নির্দেশ দেওয়া হয়েছিল।

নির্দেশনা অনুযায়ী যোগদান করতে এলে কামাল উদ্দিন ও নাসফুর উল্যাহ হুমায়ুনকে দেখে কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে তাদের হাতের লেখা যাচাই করে গরমিল পাওয়া যায়। একপর্যায়ে তারা স্বীকার করেন, নিয়োগ পরীক্ষায় তাদের পরিবর্তে অন্য ব্যক্তি অংশ নিয়েছিলেন। এরপর তাৎক্ষণিকভাবে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, সরকারি চাকরি পাওয়ার আশায় তারা একটি জালিয়াত চক্রের সঙ্গে ১২ থেকে ১৫ লাখ টাকার চুক্তি করেছিলেন। ওই চক্র অর্থের বিনিময়ে অন্য ব্যক্তিকে দিয়ে পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করে। তারা আরও জানান, আবেদন করার সময়ই প্রবেশপত্রে ছবি পরিবর্তন করে দেওয়া হয়েছিল, যাতে পরীক্ষার সময় বিষয়টি ধরা না পড়ে।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিসুর রহমান বলেন, কর কার্যালয় থেকে আটক দুই ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...