ছবি : সংগৃহিত
বিজ্ঞাপন
স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) রাত আনুমানিক ৮টার দিকে রোমের পার্শ্ববর্তী এলাকা ক্যাসালোত্তির ভিয়া মন্তিলিও রোডের একটি অ্যাপার্টমেন্টে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত প্রবাসীরা হলেন— নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তাঁর স্ত্রী আরজু বেগম এবং তাঁদের ৫ বছর বয়সী শিশু কন্যা আরোয়া ইসলাম আরিশা। এই ঘটনায় কামাল উদ্দিনের ২০ বছর বয়সী ছেলে আমির হোসেন অয়ন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত কামাল উদ্দিন বাবুলের আত্মীয় আফনান হোসেন নাইম জানান, ঘটনার সময় কয়েকজন দুর্বৃত্ত বাবুলের ফ্ল্যাটে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা বাবুল, তাঁর স্ত্রী ও শিশু কন্যাকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ওই সময় বাবুলের ছেলে অয়ন বাইরে থেকে ঘরে ফিরছিলেন। তিনি রুমে প্রবেশ করতেই বিষয়টি টের পান। তখন ঘাতকেরা দ্রুত পালিয়ে যাওয়ার সময় অয়নকেও কুপিয়ে মারাত্মক জখম করে।
পরবর্তীতে অয়নের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় পরিবারের চার সদস্যকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন এবং অয়নকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ভর্তি করেন।
প্রবাসী একই পরিবারের তিন সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুর সংবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জস্থ তাঁদের গ্রামের বাড়িতে এখন গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ।
এই বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, ইতালিতে প্রবাসীদের সপরিবারে হত্যাকাণ্ডের বিষয়টি স্থানীয়ভাবে তাঁরা অবহিত হয়েছেন। নিহতদের গ্রামের বাড়িতে সান্ত্বনা জানাতে ও সার্বিক খোঁজখবর নিতে পুলিশের একটি টিম পাঠানো হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...