Logo Logo

সাময়িক যুদ্ধ বন্ধে বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম


Splash Image

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সপ্তাহান্তে সামরিক হামলা সাময়িকভাবে বন্ধ থাকার ইতিবাচক প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। সপ্তাহের প্রথম কার্যদিবসেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় প্রায় ৫ শতাংশ কমেছে।


বিজ্ঞাপন


বাজার সূচক অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেল প্রতি ৪ দশমিক ৮৯ ডলার বা ৫ দশমিক ০৫ শতাংশ হ্রাস পেয়ে ৯১ দশমিক ৮৯ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেল প্রতি ৪ দশমিক ৬৭ ডলার বা ৫ দশমিক ২৩ শতাংশ কমে ৮৪ দশমিক ৬৪ ডলারে দাঁড়িয়েছে। টানা তিন সপ্তাহ ধরে দরবৃদ্ধির পর এবার উভয় ধরনের তেলের দামেই বড় পতন পরিলক্ষিত হলো।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক আলোচনা ও সমঝোতাকে বাড়তি সুযোগ দেওয়ার উদ্দেশ্যে সামরিক হামলা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

বাজার বিশ্লেষকদের মতে, এই কূটনৈতিক পদক্ষেপে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল দ্রুত স্বাভাবিক হওয়ার এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে।

তবে আইজি মার্কেটসের বিশ্লেষক টনি সিকামোর এবং এমএসটি মার্কির বিশ্লেষক সল কাভোনিক সতর্ক করে জানিয়েছেন, হরমুজ ও বাব আল-মানদেব প্রণালীতে বর্তমানে জাহাজ চলাচল স্বাভাবিক পরিস্থিতির তুলনায় বেশ কম রয়েছে। এছাড়া লোহিত সাগরে ইয়েমেনের হুথি বাহিনীর পক্ষ থেকে সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে আক্রমণের ঘটনা ঘটায় নৌপথের ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি। ফলে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা পূর্বের অবস্থায় ফিরে আসতে কিছুটা সময়ের প্রয়োজন হতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...