Logo Logo

হাটহাজারীতে চলন্ত গাড়িতে গুলি বর্ষণ, জনমনে আতঙ্ক


Splash Image

চট্টগ্রামের হাটহাজারী উপজেলাধীন চারা বটতল এলাকায় গভীর রাতে চলন্ত একটি প্রাইভেট কার লক্ষ্য করে গুলি চালিয়েছে একদল সশস্ত্র সন্ত্রাসী। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বিজয় টিভির সাবেক ব্যুরোচিফ ও ব্যবসায়ী সাংবাদিক রণি। হামলায় গাড়ির গ্লাস ক্ষতিগ্রস্ত হলেও তিনি শারীরিকভাবে অক্ষত রয়েছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে হাটহাজারী-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কের চারা বটতল এলাকায় এ ঘটনা ঘটে। সাংবাদিক রণি রাউজান উপজেলার বাসিন্দা।

ভুক্তভোগী সাংবাদিক রণির ভাষ্য অনুযায়ী, ব্যবসায়িক কাজ শেষে তিনি প্রাইভেট কারে করে রাউজানে নিজ গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে হাটহাজারীর চারা বটতল এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র সন্ত্রাসী প্রথমে তার চলন্ত গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এরপর তাকে লক্ষ্য করে গাড়ির গ্লাস বরাবর তিন রাউন্ড গুলি ছোড়ে।

গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। হামলায় গাড়ির গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। তবে আল্লাহর রহমতে তিনি প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানান সাংবাদিক রণি।

ঘটনার বিষয়ে সাংবাদিক রণি বলেন, “ব্যবসায়িক কাজ শেষ করে রাউজানে গ্রামের বাড়িতে ফেরার পথে হাটহাজারীর চারা বটতল এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা প্রথমে চলন্ত গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে আমাকে লক্ষ্য করে গাড়ির গ্লাসে তিনটি গুলি করে। আল্লাহর রহমতে প্রাণে বেঁচে গেছি।” তিনি এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন। তবে কারা এ হামলার সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ জানান, একজন ব্যবসায়ীর চলন্ত গাড়িতে গুলি নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, “যে বা যাহারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় আনতে পুলিশ ইতোমধ্যে মাঠে কাজ করছে এবং মামলার প্রস্তুতি চলছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...