Logo Logo

সৎমাকে খুন করে জেলে, জামিনে বেরিয়ে আপন মাকে খুন


Splash Image

ফরিদপুরে সৎমাকে হত্যার মামলায় দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পাওয়া এক যুবকের বিরুদ্ধে এবার নিজের মাকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত রাহিম শেখ পলাতক রয়েছেন। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর দেড়টার দিকে ফরিদপুর শহরের বায়তুল আমান এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রাহিম শেখ ওই এলাকার আকবর শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাহিম শেখ মানসিকভাবে অসুস্থ ছিলেন। একই সঙ্গে তিনি মাদকাসক্ত ছিলেন বলেও জানা যায়। প্রায় ৬ থেকে ৭ বছর আগে তিনি তার সৎমাকে কুপিয়ে হত্যা করেন। ওই ঘটনায় দীর্ঘদিন কারাভোগের পর সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।

অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার দুপুরে নেশার টাকার দাবিকে কেন্দ্র করে মা শামেলা আক্তারের সঙ্গে রাহিম শেখের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। গুরুতর ওই আঘাতে ঘটনাস্থলেই শামেলা আক্তারের মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা পাভেল মোল্লা জানান, প্রায় ৬-৭ বছর আগে রাহিম একই কায়দায় তার সৎমাকে হত্যা করেছিলেন। ওই ঘটনায় তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন এবং বর্তমানে জামিনে ছিলেন। তিনি আরও বলেন, রাহিম মাদকাসক্ত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক সুকান্ত দত্ত বলেন, প্রাথমিকভাবে জানা গেছে অভিযুক্ত মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং মাদক সেবন করতেন। ঘটনার পর তিনি পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...