Logo Logo

গোপালগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০৮ পরিবার পেল সরকারি অনুদান


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০৮টি অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। অনুদান হিসেবে প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৫ লাখ ৪০ হাজার টাকা প্রদান করা হয়।


বিজ্ঞাপন


রোববার (২ আগস্ট) দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে এই চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ খাত থেকে এই অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৌশিক আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. কে এম বাবর বলেন, প্রাকৃতিক দুর্যোগ বা প্রতিকূলতায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। উপযুক্ত যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এবার প্রকৃত ক্ষতিগ্রস্ত ১০৮টি পরিবারকে জনপ্রতি ৫ হাজার টাকা হারে এই সহায়তা দেওয়া হলো। আগামীতে অতিরিক্ত বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আরও অসহায় পরিবারের মাঝে সাহায্য সম্প্রসারণ করা হবে।

তিনি আরও জোর দিয়ে বলেন, সব ধরনের সরকারি আর্থিক সুবিধা বা অনুদান যেন কোনো স্বজনপ্রীতি ছাড়া সঠিক ও প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছায়, সে বিষয়ে উপজেলা প্রশাসনকে অত্যন্ত সতর্ক ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও অনুদানপ্রার্থী উপকারভোগীরা উপস্থিত ছিলেন। আলোচনার শেষ পর্যায়ে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণের চেক তুলে দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...