Logo Logo

জিপিএ- ৫ পেয়েছে ২৯জন

নীলফামারীর নীলসাগর আর্দশ বিদ্যাপীঠে এসএসসিতে শতভাগ পাশ


Splash Image

এসএসসি পরীক্ষায় ধারাবাহিক সাফল্যের ধারা এবারও ধরে রেখেছে নীলফামারী শহরের নীলসাগর আদর্শ বিদ্যাপীঠ। এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৪১ শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ২৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। তাদের মধ্যে ১০ জন পেয়েছে গোল্ডেন জিপিএ-৫। এমন ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বইছে আনন্দের আমেজ।


বিজ্ঞাপন


বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৩৫ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ২৯ জন জিপিএ-৫ এবং বাকি ছয়জন ‘এ’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। মানবিক বিভাগে পরীক্ষার্থী ছিল ছয়জন। এর মধ্যে দুজন ‘এ’ গ্রেড এবং চারজন ‘এ-মাইনাস’ গ্রেড অর্জন করেছে। দুই বিভাগের সব শিক্ষার্থী পাস করায় প্রতিষ্ঠানটির সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ১০০ শতাংশে।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের একাগ্রতা ও কঠোর পরিশ্রম, শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টা এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার কারণেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও প্রতিষ্ঠানের সুনাম ও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মো. আফজালুল হক কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এ অর্জন শিক্ষক ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফল। প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন এবং সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পরিচালনা পর্ষদ সবসময় শিক্ষকদের পাশে থাকবে।

কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান ও শিক্ষানুরাগী প্রকৌশলী আহসান হাবীব লেলিন। তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৃত সার্থকতা শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; জ্ঞান, নীতি-নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ প্রজন্ম গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য। নীলসাগর আদর্শ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা ভালো ফলাফলের পাশাপাশি ভবিষ্যতে সমাজ ও দেশের নেতৃত্বে ভূমিকা রাখবে—এটাই তাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, আধুনিক বিশ্বে সফল হতে পুঁথিগত শিক্ষার পাশাপাশি প্রযুক্তি, বিজ্ঞান, সৃজনশীলতা ও নেতৃত্বের দক্ষতা অর্জন জরুরি। ২০১৬ সালে প্রতিষ্ঠার শুরু থেকেই নীলফামারীর শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই ছিল নীলসাগর আদর্শ বিদ্যাপীঠের লক্ষ্য। বর্তমান সাফল্য সেই স্বপ্নপূরণের পথে বড় অনুপ্রেরণা। শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়নসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে এসএসসিতে শতভাগ পাস ও কৃতী শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপনে সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

উল্লেখ্য, নীলফামারী জেলা শহরের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ২০১৬ সালে নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিনের উদ্যোগে নীলসাগর আদর্শ বিদ্যাপীঠ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিক ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানটি নীলফামারী জেলাজুড়ে সুনাম ও জনপ্রিয়তা অর্জন করে আসছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...