Logo Logo

নীলফামারীতে সনাক-ইয়েস-এসিজি'র অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত


Splash Image

দুর্নীতির বিরুদ্ধে শুধু আইনগত ব্যবস্থা গ্রহণ যথেষ্ট নয়, একই সঙ্গে সামাজিক প্রতিরোধও জোরদার করতে হবে। দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের পাশাপাশি সরকারি বিভিন্ন সেবাখাতে নাগরিকদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা গেলে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে এবং সেবার মানও উন্নত হবে—এমন মত উঠে এসেছে নীলফামারীতে অনুষ্ঠিত দুর্নীতিবিরোধী অভিজ্ঞতা বিনিময় সভায়।


বিজ্ঞাপন


শনিবার (১২ সেপ্টেম্বর) নীলফামারীর স্থানীয় কুষ্ট হাসপাতালের ট্রেনিং সেন্টারে সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সনাক, ইয়েস ও এসিজির দেড় শতাধিক সদস্য অংশ নেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সনাকের উদ্যোগে জেলার বিভিন্ন সেবাখাতে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধে চলমান কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সনাক সভাপতি মো. আকতারুল আলমের সভাপতিত্বে এবং সনাক সদস্য তাহমিনুল হক ববীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের কোঅর্ডিনেটর মো. আতিকুর রহমান।

তিনি বলেন, সেবাখাতে দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে নাগরিকদের সচেতন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানগুলোর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিকদের সম্পৃক্ততা বাড়ানো গেলে সেবার মানোন্নয়নের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে। দুর্নীতিবিরোধী আন্দোলনকে আরও কার্যকর করতে তৃণমূল পর্যায়ে নাগরিক সম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন সনাকের সহসভাপতি আফরোজা বিনতে আজিজ গ্লোরী ও ভূবন চন্দ্র রায়, সনাক সদস্য মো. মিজানুর রহমান লিটু, আজমা আহসান, নাসিমা বেগম, ফওজিয়া ইয়াসমিন জলি ও রত্না চৌধুরী।

মুক্ত আলোচনায় ইয়েস গ্রুপের দলনেতা মো. আশিকুর জামান, সহদলনেতা তুষার আলী এবং সদস্য ফারজানা আক্তার আরিফা তরুণদের দুর্নীতিবিরোধী কার্যক্রমের অভিজ্ঞতা ও বিভিন্ন সেবাখাতে নাগরিক সচেতনতা তৈরির উদ্যোগ তুলে ধরেন।

এ সময় তৃণমূল পর্যায়ে বিভিন্ন সরকারি সেবাপ্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতাও তুলে ধরেন এসিজির সদস্যরা। নীলফামারী জেনারেল হাসপাতাল কেন্দ্রিক এসিজি সমন্বয়ক মো. আব্দুল মমিন ও সহসমন্বয়ক বৈশাখী আক্তার, গোড়গাম ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র কেন্দ্রিক এসিজি সমন্বয়ক নুর ইসলাম ও সদস্য আঞ্জমান আরা বেগম, টুপামারী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র কেন্দ্রিক এসিজি সদস্য মো. আয়্যুব আলী, বাবরিঝাড় উপ-স্বাস্থ্য কেন্দ্র কেন্দ্রিক এসিজি সমন্বয়ক মো. আশরাফুল ইসলাম, বালাপাড়া (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রিক এসিজি সমন্বয়ক উত্তম রায় বিলাশ, টুপামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় এসিজি সমন্বয়ক হযরত আলী, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রিক এসিজি সদস্য সোনালী বেগম, সন্নাসীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রিক এসিজি সমন্বয়ক মো. স্বপন মিয়া ও সদস্য ঝর্ণা রানী রায়, পলাশবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রিক এসিজি সদস্য দীনবন্ধু রায়, নীলফামারী আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রিক এসিজি সহসমন্বয়ক মো. আসাদুজ্জামান এবং উপজেলা ভূমি অফিসের এসিজি সদস্য মো. মতিনুর রহমান আকাশ ও রুবি বানু নিজ নিজ প্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ, সেবার মানোন্নয়ন এবং নাগরিকদের অংশগ্রহণের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধু প্রশাসনিক বা আইনগত পদক্ষেপের ওপর নির্ভর করলে হবে না। এর পাশাপাশি সামাজিকভাবেও দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তুলতে হবে। দুর্নীতিকে সামাজিকভাবে গ্রহণযোগ্যতা না দেওয়া এবং দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার মাধ্যমে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।

সভায় অংশগ্রহণকারী সনাক, ইয়েস ও এসিজির সদস্যরা নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেন। তাঁরা সেবাখাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, নাগরিক অধিকার সম্পর্কে মানুষকে অবহিত করা এবং স্বচ্ছতা ও জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসূচির শেষ পর্যায়ে সনাক সভাপতি মো. আকতারুল আলম উপস্থিত সদস্যদের দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান। পরে সনাক, ইয়েস ও এসিজির সদস্যদের পরিবেশনায় দুর্নীতিবিরোধী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...