Logo Logo

নীলফামারীতে নাছরিন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন


Splash Image

নীলফামারীতে চাঞ্চল্যকর গৃহবধূ নাছরিন নাহার (৩৫) হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং এজাহারনামীয় সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার ও সচেতন নাগরিক সমাজ।


বিজ্ঞাপন


সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত নাছরিন নাহারের বাবা আব্দুল জব্বার (৬৫)। তিনি অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে নাছরিনের ওপর তার স্বামী, প্রথম স্ত্রীর পক্ষের সন্তান ও পরিবারের সদস্যরা অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় নাছরিনকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি জানান, এ ঘটনায় গত ২৭ আগস্ট নীলফামারী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় নিহতের স্বামী আব্দুল মান্নান (৬৫), প্রথম স্ত্রীর ছেলে দেলোয়ার হোসেন (৪২) ও আলমগীর হোসেন (৪০) এবং পুত্রবধূ আরিফা বেগমকে (৩৬) মূল আসামি করা হয়েছে। তবে মামলা চলমান থাকলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, আসামিদের অব্যাহত হুমকি-ধমকির কারণে তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কোনো প্রভাব বা অপশক্তির কাছে নতি স্বীকার না করে নাছরিন হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হবে। একই সঙ্গে হত্যা মামলায় অভিযুক্ত স্বামীসহ সংশ্লিষ্ট সব আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান তারা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবার ও মামলার সাক্ষীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে নিহতের বাবা আব্দুল জব্বার ছাড়াও নিয়ামুল হক, জিন্নাত আক্তার ইতি, সেরাজুল ইসলাম, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়ামসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং এলাকার সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...