বিজ্ঞাপন
সমাপনী অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সোবাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিক জেলা কার্যালয়, সিরাজগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক মোঃ মাহবুবুল ইসলাম; রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন, বাংলা বিভাগের চেয়ারম্যান মো. জাবেদ ইকবাল, ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক (সিএসই) মো. তারেকুল ইসলাম, সংগীত বিভাগের প্রভাষক বাবুল হোসেন এবং অর্থনীতি বিভাগের প্রভাষক একরামুল হাসান।
পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ব্যবস্থাপনা, বিপণন কৌশল, আর্থিক ব্যবস্থাপনা, নেতৃত্ব উন্নয়ন, সাপ্লাই চেইন ব্যবস্থাপনা, উৎপাদনশীলতা এবং সফল উদ্যোক্তা হওয়ার বিভিন্ন ব্যবহারিক ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের অংশ হিসেবে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক ব্যবসায়িক ধারণা প্রণয়ন ও উপস্থাপনের সুযোগ দেওয়া হয়। সমাপনী পর্বে প্রশিক্ষণার্থীরা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে তিনটি ব্যবসায়িক ধারণা (Business Idea) উপস্থাপন করেন। বিচারকমণ্ডলীর নির্ধারিত মূল্যায়ন মানদণ্ডের ভিত্তিতে উপস্থাপনাগুলো মূল্যায়ন করা হয়। মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে একটি গ্রুপকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় এবং বিজয়ী দলের সদস্যদের পুরস্কার প্রদান করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের (বিটিআই) সহযোগী অনুষদ সদস্য মোঃ তানজিম হোসেন। কোর্স সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের সহকারী অনুষদ সদস্য মিফতাহুল জান্নাত রিপা এবং সহকারী অনুষদ সদস্য মোঃ জুবায়ের ইসলাম।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে উদ্যোক্তা উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা, উদ্ভাবনী চিন্তাশক্তি ও ব্যবসায়িক দক্ষতা বিকাশের মাধ্যমে একটি সক্ষম, আত্মনির্ভরশীল ও কর্মসংস্থান সৃষ্টিকারী তরুণ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে বিসিক দীর্ঘদিন ধরে দেশব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। বক্তারা আরও বলেন, ‘চাকরি খোঁজার পাশাপাশি চাকরি সৃষ্টির মানসিকতা’ গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের সম্ভাবনাময় উদ্যোক্তা হিসেবে প্রস্তুত করা এ প্রশিক্ষণ কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য।
পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা সংস্কৃতির বিকাশ, উদ্ভাবনী চিন্তার প্রসার এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে একটি কার্যকর ভিত্তি তৈরি হয়েছে। বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই) ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের এ যৌথ উদ্যোগ ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...