Logo Logo

কাশিয়ানীতে চতুর্মুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে চতুর্মুখী সংঘর্ষে শহিদুল ইসলাম (৩৫) নামে এক ইঞ্জিনচালিত ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত শহিদুল ইসলাম কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের আমিন শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে উল্টো পথে মোড় ঘোরানোর চেষ্টা করে। এ সময় বাসটি প্রথমে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। কাভার্ড ভ্যানটির সামনে দাঁড়িয়ে থাকা দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লাগলে দোলা পরিবহনের বাসটি সামনে থাকা আরেকটি লোকাল বাসের ওপর গিয়ে পড়ে।

এ সময় দুর্ঘটনাস্থলের পাশেই একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি অবস্থান করছিল। সংঘর্ষের একপর্যায়ে দোলা পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক শহিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।

কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজিব চার যানবাহনের সংঘর্ষে ভ্যানচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনাটি কিছুক্ষণ আগে ঘটেছে। বিস্তারিত তথ্য জেনে পরবর্তী সময়ে জানাতে পারবেন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...