Logo Logo

নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত


Splash Image

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।


বিজ্ঞাপন


দিবসটি উপলক্ষে আজ রবিবার (৮ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র‍্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান, গাছের চারা বিতরণ এবং ঋণের চেক বিতরণ করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে সেখানে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।

পতাকা উত্তোলন শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এমএসডিএফের চেয়ারম্যান মারুফ খানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় কর্মকর্তা মো. মাসুদ রানা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মতিয়ার বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্য মো. আমিরুল ইসলাম এবং সদর উপজেলা শিক্ষক কর্মকর্তা-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি অধ্যাপক জগদীশ চন্দ্র রায়।

বক্তারা দেশের অর্থনীতিতে সমবায় আন্দোলনের গুরুত্ব ও ভূমিকা তুলে ধরে বলেন, সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব। সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতোধারায় আনতে সমবায়ভিত্তিক কার্যক্রম আরও বেগবান করার ওপর জোর দেন তারা।

অনুষ্ঠান শেষে সফল সমবায়ীদের মাঝে সম্মাননা স্মারক, উপকারভোগীদের মধ্যে ঋণের চেক এবং পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে গাছের চারা বিতরণ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...