বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমাঞ্চলে অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্সে এই বিমান হামলা চালানো হয়। গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় নিয়মিত প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।
এর আগে বুধবার (১১ নভেম্বর) গাজা সিটির দক্ষিণে আল-সাবরা এলাকায় ইসরায়েলি হামলায় একজন নিহত হন। এ ছাড়া মধ্য গাজার আল-বুরেইজ শরণার্থী শিবিরের পূর্বে ইসরায়েলি সেনাদের গুলিতে একজন এবং গাজা সিটির উত্তর-পশ্চিমাঞ্চলের আল-নাসর এলাকায় ড্রোন হামলায় আরও একজন নিহত হন। অন্যদিকে গাজা সিটির উত্তরে শেখ রাদওয়ান এলাকায় বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে হামলায় অন্তত দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
গাজা সিটি থেকে আলজাজিরার সাংবাদিক হিন্দ খুদারি জানিয়েছেন, ইসরায়েলি হামলায় নির্বিচারে বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। বেঁচে থাকার জন্য সাধারণ কাজ করতে গিয়েও মানুষ প্রাণ হারাচ্ছেন। তিনি উল্লেখ করেন, পানির ট্যাংকে পানি ভরতে যাওয়া এক ব্যক্তি ড্রোন হামলায় নিহত হয়েছেন। এ ছাড়া আল-জালা সড়কে নিজেদের তাঁবুতে আশ্রয় নেওয়া অবস্থায় আল-আবসি পরিবারের দুই ভাই নিহত হয়েছেন। গাজার কোথাও এখন আর নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে ইসরায়েলি হামলার পাশাপাশি ভারী বৃষ্টি ও বন্যায় ভয়াবহ দুর্ভোগে পড়েছেন গাজার বাস্তুচ্যুত মানুষ। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত সপ্তাহের বৃষ্টিতে অন্তত ৭০ হাজার তাঁবু পানিতে ডুবে গেছে। এ পরিস্থিতিতে বন্যার ঝুঁকিতে থাকা কয়েক লাখ বাস্তুচ্যুত মানুষের আশ্রয়ের জন্য জরুরি ভিত্তিতে জলরোধী তাঁবু সরবরাহ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...