বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন চত্বরে দিনব্যাপী অনুষ্ঠিত এ কনফারেন্সে দেশের বিভিন্ন খাতের আটটি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের (জিইউবি) উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান, খুলনার খান বাহাদুর আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনিসুর রহমান, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম।
শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন টোটাল ফুড প্রসেসিং প্রাইভেট লিমিটেডের পরিচালক অধ্যাপক মেহেদী হাসান মো. হেফজুর রহমান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিং স্ট্র্যাটেজি বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ রেজাউর রহমান, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক (অপারেশনস) মুহাম্মদ জাহিদ আলী বেরুনী, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্ল্যান্ট) মো. ওহিদুল ইসলাম, মেনকো ফার্মা লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশনস ও প্ল্যান্ট) মো. আমিনুর রহমান, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালক মো. মহিউদ্দিন সেলিম, নগদ লিমিটেডের প্রধান (ইউটিলিটি, শিক্ষা ও সরকারি পেমেন্ট) মো. গোলাম মুর্তজা মিলু এবং পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালকের (মানবসম্পদ ও প্রশাসন) প্রতিনিধি।
বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম প্রণয়ন ও পরিমার্জনে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের যুক্ত করার তাগিদ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বর্তমান পুঁজিবাজারের সঙ্গে তাল মিলিয়ে উচ্চশিক্ষাকে কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে যুক্ত করতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে হবে। কারণ বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও গবেষণার সঙ্গে কর্মক্ষেত্রের চাহিদার যথেষ্ট সমন্বয় নেই। অনেক শিক্ষার্থী ডিগ্রি অর্জন করলেও কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বের হতে পারছেন না। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের শ্রেণিকক্ষে আমন্ত্রণ জানিয়ে তাদের বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে শিক্ষকদের শিল্পকারখানা পরিদর্শন করে সেখানকার কাজের ধরন ও সমস্যাগুলো বোঝার ওপর গুরুত্ব দেন ইউজিসি চেয়ারম্যান।
শিল্পপ্রতিষ্ঠানগুলোকে নিজেদের সমস্যা চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের সঙ্গে যৌথভাবে গবেষণা প্রস্তাব তৈরির আহ্বান জানিয়ে অধ্যাপক মামুন আহমেদ বলেন, এসব প্রস্তাব ইউজিসিতে জমা দিলে কমিশন অর্থায়নের ব্যবস্থা করবে। তাঁর মতে, গবেষণার ক্ষেত্র শুধু বিজ্ঞান ও প্রযুক্তিতে সীমাবদ্ধ না রেখে শিল্প ও দেশের বাস্তব সমস্যার সমাধানকেই অগ্রাধিকার দিতে হবে। শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের উপযোগী করতে সফট স্কিল উন্নয়ন ও ইন্টার্নশিপের সুযোগ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে সব বিষয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ চালুর লক্ষ্য রয়েছে। এ ছাড়া প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাংলা ও ইংরেজির বাইরে তৃতীয় একটি বিদেশি ভাষা শেখার সুযোগ তৈরির উদ্যোগের কথাও জানান তিনি।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান কনফারেন্সে যোগ দেওয়ায় ইউজিসি চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণাগার ও ক্লাসরুম সংকটের পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় শিক্ষক সংকটও রয়েছে, যার ফলে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না। মাত্র ৫০ কোটি টাকা অর্থায়ন পেলে ল্যাব সংকটের সমাধান হতো। পাশাপাশি শিক্ষক সংকট দূরীকরণে তিনি ইউজিসির সদয় দৃষ্টি কামনা করেন।
উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের যেমন চলনে-বলনে ও বসনে-ভূষণে চাকরির বাজারের উপযোগী হয়ে উঠতে হবে, তেমনি শিক্ষকদেরও সততার সঙ্গে পাঠদানের পাশাপাশি ভালো গবেষক হতে হবে। যোগ্যতা ও মেধার ভিত্তিতেই নিয়োগ ও আপগ্রেডেশন প্রক্রিয়া সম্পন্ন হবে। তাই শিক্ষকদের সময়মতো ক্লাসে যাওয়া, পাঠদান ও যথাসময়ে ফলাফল প্রকাশের আহ্বান জানান তিনি, যাতে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা অর্জন করে কর্মজীবনে প্রবেশ করতে পারে।
সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের জন্য সরাসরি চাকরির আবেদনের সুযোগ। শিক্ষার্থীরা তাঁদের পছন্দ ও যোগ্যতা অনুযায়ী একাধিক প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত জমা দেন। অনুষ্ঠানের দ্বিতীয় সেশনে আমন্ত্রিত অতিথিদের সামনে বিশেষ প্রেজেন্টেশনের মাধ্যমে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, অর্জন ও সম্ভাবনা তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে এসিএসএস জিএসটিইউ চ্যাপ্টার।
কনফারেন্সের কনভেনর ও বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহাজান জানান, শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা জোরদার এবং শিক্ষার্থীদের বাস্তব কর্মজগতের সঙ্গে পরিচিত করার ক্ষেত্রে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...