বিজ্ঞাপন
সুরের জাদুতে কোটি ভক্তের হৃদয় জয় করলেও জীবনের নতুন ইনিংসে পা রেখে নেটিজেনদের একাংশের তীব্র কটাক্ষের মুখে পড়েছেন অনিরুদ্ধ। গত বুধবার অত্যন্ত গোপনীয়তার সঙ্গে গ্রিসের নীল জলরাশির পাড়ে কাব্য মারানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। দুদিনব্যাপী এই রাজকীয় আয়োজনে উপস্থিত ছিলেন অনিরুদ্ধের মামা দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত এবং তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনসহ বেশ কয়েকজন ভিআইপি অতিথি। বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনিরুদ্ধকে ‘গোল্ড ডিগার’ বা অর্থলোভী বলে আক্রমণ করতে শুরু করেন সমালোচকদের একাংশ।
নেটিজেনদের এমন কটাক্ষের পেছনে মূল কারণ কাব্য মারানের চোখ কপালে তোলার মতো পারিবারিক সাম্রাজ্য। কাব্যর বাবা ও সান গ্রুপের প্রতিষ্ঠাতা কালানিথি মারানের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ প্রায় ৩৪ হাজার কোটি রুপি এবং পুরো সান গ্রুপের বাজারমূল্য ২৬ হাজার কোটি রুপিরও বেশি। সান টিভি নেটওয়ার্কের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করা কাব্যর নিজস্ব সম্পত্তির পরিমাণই প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি রুপি। পারিবারিক ও ব্যক্তিগত মিলিয়ে প্রায় ২৬ হাজার কোটি রুপির বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী তিনি।
অন্যদিকে, কাব্যর বিশাল সম্পদের তুলনায় অনিরুদ্ধকে ‘চুনোপুঁটি’ মনে হলেও ব্যক্তিগত ক্যারিয়ারে তিনি মোটেও পিছিয়ে নেই। ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ গান দিয়ে রাতারাতি তারকা বনে যাওয়া এই শিল্পী বর্তমানে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত সংগীত পরিচালকদের একজন। শাহরুখ খানের ‘জওয়ান’, রজনীকান্তের ‘জেলার’, বিজয়ের ‘মাস্টার’ ও ‘কুলি’র মতো ব্লকবাস্টার সিনেমায় সুর দিয়ে তিনি নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। প্রতিটি সিনেমার জন্য ৮ থেকে ১২ কোটি রুপি পারিশ্রমিক নেওয়া অনিরুদ্ধ আল্লু অর্জুনের আগামী সিনেমার জন্য ২৫ কোটি রুপি নিচ্ছেন বলেও গুঞ্জন রয়েছে। বিএমডব্লিউ ও ফোর্ডের মতো বিলাসবহুল গাড়িসহ তার বর্তমান মোট সম্পত্তির পরিমাণ ৫০ থেকে ৬০ কোটি রুপি।
পরিসংখ্যান বলছে, স্বামীর তুলনায় কাব্য মারানের ব্যক্তিগত সম্পত্তিই প্রায় দশ গুণ বেশি। আর ঠিক এই জায়গাটিকেই পুঁজি করে অনিরুদ্ধকে বিদ্রূপ করছেন নিন্দুকরা। এর আগেও বলিউড ও দক্ষিণী বিনোদন অঙ্গনে ধনকুবের পরিবারের কন্যা বা বিত্তশালী নারীকে বিয়ে করে এমন সমালোচনার মুখে পড়েছিলেন অনেক তারকা। তবে নিন্দুকরা যতই জল ঘোলা করার চেষ্টা করুক না কেন, সব সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে দীর্ঘদিনের প্রেম ও ভালোবাসাকেই জয়ী করেছেন অনিরুদ্ধ-কাব্য জুটি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...