বিজ্ঞাপন
মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৈঠকে উচ্চাভিলাষী পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি উত্তর কোরিয়া ও ইরানের পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে। তবে ইউক্রেন পরিস্থিতি আলোচনায় আসার সম্ভাবনা কম। এ বিষয়ে মস্কো ও বেইজিংয়ের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যেই পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সপ্তাহের শুরুতে সাংবাদিকদের তিনি বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
শুক্রবার ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে সম্ভাব্য এই বৈঠককে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন যে অন্যান্য বিষয়ের পাশাপাশি বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়টি নিয়েও আলোচনা করবেন। তাঁর মতে, পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।
মার্কিন বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এ আলোচনার পর কোনো চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা নেই।
অলিভিয়া ওয়েলস জানান, ২১টি সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে আয়োজিত দুই দিনব্যাপী এপিইসি শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার গভীর রাতে শেনঝেনে পৌঁছাবেন ট্রাম্প। বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। ২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তাঁদের চতুর্থ বৈঠক।
তিনি আরও জানান, চীন সফর শেষে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন ট্রাম্প। এ ছাড়া সফরের অংশ হিসেবে মঙ্গলবার ফিলিপাইনে আসিয়ানভুক্ত দেশগুলোর শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট।
হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, এ সফর মার্কিন জনগণের জন্য ঐতিহাসিক সাফল্য বয়ে আনার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ এগিয়ে নিতে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বিদ্যমান পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিটির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। এর ফলে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রভাণ্ডারগুলো বড় ধরনের কোনো নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় নেই। চুক্তিটির অবসানের মধ্য দিয়ে কার্যত এমন একটি অস্ত্র নিয়ন্ত্রণ সহযোগিতারও সমাপ্তি ঘটেছে, যা একসময় স্নায়ুযুদ্ধের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
এ পরিস্থিতিতে জাতিসংঘ উভয় দেশকে দ্রুত নতুন একটি কাঠামোর বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প পুরোনো চুক্তির পরিবর্তে আরও উন্নত ও বিস্তৃত একটি চুক্তি করতে আগ্রহী। তাঁর পরিকল্পনায় চীনকেও অন্তর্ভুক্ত করার বিষয়টি রয়েছে। ট্রাম্পের দাবি, বেইজিং বর্তমানে তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্প্রসারণ করছে।
সূত্র : রয়টার্স, বিবিসি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...