Logo Logo

প্রতিরক্ষায় প্রস্তুতি নিচ্ছে সরকারি বাহিনী

ইয়েমেনের এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথি যোদ্ধারা


Splash Image

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেনের দিকে অগ্রসর হচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। রোববার (১৫ নভেম্বর) তারা শহরটি থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে এডেনের প্রতিরক্ষা জোরদার করছে সৌদি সমর্থিত সরকারি বাহিনী।


বিজ্ঞাপন


শহরটির চারপাশে পরিখা খননের পাশাপাশি বালুর বস্তা দিয়ে প্রতিরক্ষাবেষ্টনী ও দুর্গ তৈরি করছেন সরকারি বাহিনীর সেনারা। তবে হুথি যোদ্ধারা আরও সামনে অগ্রসর হলে এসব প্রতিরক্ষাব্যবস্থা কতটা কার্যকর হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

বার্তা সংস্থা এএফপিকে সেনাবাহিনীর চারটি সূত্র এবং সরকারের দুটি সূত্র জানিয়েছে, হুথি বিদ্রোহীরা লাহজ প্রদেশের দুটি জেলা দখল করে এডেনের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমানে তাদের যোদ্ধারা এডেন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত আল-মাদারিবা আল-খারাজ ক্যাম্পের কাছে অবস্থান করছেন।

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে ইয়েমেনের রাজধানী সানা। এ পরিস্থিতিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশটির সরকার এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করে আসছে। শহরটি থেকেই সরকারের যাবতীয় প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়।

ইয়েমেনের সবচেয়ে জনবহুল এলাকাগুলোর নিয়ন্ত্রণ রয়েছে হুথিদের হাতে। আরও ভূখণ্ড দখলের লক্ষ্যে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে এক যুগেরও বেশি সময় ধরে লড়াই চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীটি।

এদিকে হুথিরা যখন এডেনের দিকে অগ্রসর হচ্ছে, তখন ইয়েমেনের সরকারি বাহিনী লোহিত সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালি ও সেখানকার একটি বিমানবন্দর থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নেয়। পরে দেশটির সরকার জানায়, এডেনের প্রতিরক্ষা নিশ্চিত করতেই সেনাদের অন্যত্র মোতায়েন করা হচ্ছে।

এরপর হুথিদের সামরিক শাখার একটি সূত্র এএফপিকে নিশ্চিত করেছে, সরকারি বাহিনী যেসব এলাকা থেকে সরে গেছে, সেসব অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে হুথি বিদ্রোহীরা।

সূত্র: এএফপি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...