বিজ্ঞাপন
মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, পূর্বনির্ধারিত মোতায়েনের অংশ হিসেবে রণতরীটি বর্তমানে তাদের দায়িত্বপূর্ণ এলাকায় কার্যক্রম পরিচালনা করছে।
চলতি নভেম্বরে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ নবম মাসে গড়িয়েছে। এই নয় মাসে মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমায় তৃতীয়বারের মতো বিমানবাহী রণতরী মোতায়েন করল যুক্তরাষ্ট্র। এর আগে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জর্জ ডব্লিউ বুশ নামের দুটি রণতরী সেখানে মোতায়েন করা হয়েছিল।
তবে আগের দুটি রণতরী মোতায়েনের সময় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা চরম পর্যায়ে ছিল। গত আগস্টে ইরানকে লক্ষ্য করে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে অর্থনৈতিক অভিযান শুরুর পর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলা প্রায় শূন্যের কোঠায় নেমে আসে।
গত সপ্তাহে যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষে তিনি জানান, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা ‘খুবই কম’ এবং যুদ্ধের সামরিক পর্যায় ‘কার্যত শেষ হয়ে গেছে’। তবে পরিস্থিতির পরিবর্তন হলে মার্কিন সামরিক বাহিনী যেকোনো পদক্ষেপ নিতে ‘সম্পূর্ণ প্রস্তুত’ রয়েছে বলেও সতর্ক করেন তিনি।
ট্রাম্প ও কাতারের প্রধানমন্ত্রীর ওই বৈঠকের এক সপ্তাহ পার হওয়ার আগেই মধ্যপ্রাচ্যের জলসীমায় ইউএসএস থিওডর রুজভেল্ট মোতায়েন করা হলো।
যা যা আছে ইউএসএস থিওডোর রুজভেল্টে
যুক্তরাষ্ট্রের ২৬তম প্রেসিডেন্ট থিওডর রুজভেল্টের নামে নামকরণ করা হয়েছে এই বিমানবাহী রণতরীটির। ১৯৮৬ সালে মার্কিন নৌবাহিনীতে যুক্ত হওয়া জাহাজটিতে পাঁচ হাজারের বেশি কর্মী রয়েছেন। এতে ৬০টিরও বেশি যুদ্ধবিমান নিয়ে গঠিত একটি পূর্ণাঙ্গ এয়ার উইং রয়েছে। এসব বিমানের মধ্যে রয়েছে এফ-১৮ মডেলের দুই ইঞ্জিনবিশিষ্ট সুপারসনিক যুদ্ধবিমান, যা যেকোনো আবহাওয়ায় বিভিন্ন ধরনের সামরিক অভিযান পরিচালনায় সক্ষম।
মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, রণতরীটির প্রধান দায়িত্ব হলো বিমানবাহী রণতরীভিত্তিক আকাশযুদ্ধ পরিচালনা এবং এ কাজে নিয়োজিত বিভিন্ন স্কোয়াড্রনের পরিকল্পনা, নিয়ন্ত্রণ, সমন্বয় ও সম্মিলিত কার্যক্রমে সহায়তা করা।
যুদ্ধ পরিচালনার পাশাপাশি সাগরে অন্যান্য জাহাজকে প্রয়োজনীয় রসদ সরবরাহ এবং শরণার্থীসহ বিপদে পড়া মানুষদের উদ্ধারের কাজও করে থাকে রণতরীটি।
১৯৯০-৯১ সালের উপসাগরীয় যুদ্ধের সময় ভূমধ্যসাগর ও লোহিত সাগরে মোতায়েন করা হয়েছিল ইউএসএস থিওডর রুজভেল্টকে। ২০০৩ সালে ইরাক যুদ্ধেও মার্কিন সামরিক বাহিনীকে সহায়তা করে এটি। এ ছাড়া ২০২০-২১ সালে ভারত, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন করা হয়েছিল রণতরীটি।
গত অক্টোবর মাসে একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছিলেন, ইউএসএস থিওডর রুজভেল্ট গত সেপ্টেম্বরে সান দিয়েগো ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা শুরু করে। অন্য একজন মার্কিন কর্মকর্তার তথ্য অনুযায়ী, গত ১৫ নভেম্বর রণতরীটি মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছায়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...